রকসী সিকদার, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায় দৈর্ঘ্য দিন তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়।কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
দলীয় সূত্রে জানা যায় অসুস্থতার মধ্যেও তিনি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন।
এবিষয়ে উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী জানান, মাওলানা মিজানুর রহমান ২০২৪ সালের জানুয়ারিতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৩ সালে তিনি ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ছয় বছর উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং দীর্ঘ ২৮ বছর বাইতুলমাল সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।মাওলানা মিজানুর রহমানের মৃত্যুতে জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক শোক বিবৃতিতে উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার ও উপজেলা সেক্রেটারি মু. তাহের বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী, দূরদর্শী সংগঠক ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব। দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তিনি ইসলামী আন্দোলন, সমাজকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার ইন্তেকালে সীতাকুণ্ড উপজেলা জামায়াত একজন অভিভাবকতুল্য নেতাকে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টায় সীতাকুণ্ড কামিল (আলীয়া) মাদ্রাসা মাঠে মরহুম মিজানুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
