বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে কারখানা শ্রমিকসহ তিন যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে কারখানা শ্রমিকসহ তিন যুবকের লাশ উদ্ধার

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের পৃথক তিনটি স্থান থেকে এক কারখানা শ্রমিকসহ তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকাল ও দুপুরে উপজেলার চুনকুটিয়া, শাক্তার রায়েরচর এবং পোস্তগোলা এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রত্যেকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। এর মধ্যে দুই যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে মানিক (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। নিহত মানিক আমিরাবাগ এলাকার একটি সিলভার কারখানার শ্রমিক ছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে মানিক কারখানায় কাজে যান। দিবাগত রাত ৩টার দিকে কারখানা থেকে স্বজনদের জানানো হয় মানিক অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত কারখানায় গিয়ে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে স্বজনদের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

এদিকে একই দিন দুপুরে শাক্তার পুরাতন রায়েরচর এলাকা এবং বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় আরও দুই যুবকের লাশ উদ্ধার করে নৌপুলিশ। লাশ উদ্ধারের সময় পোস্তগোলা থেকে পাওয়া যুবকের পরনে লাল রঙের শর্ট প্যান্ট ছিল এবং শাক্তার রায়েরচর থেকে উদ্ধার হওয়া লাশটি হাত কাটা ও সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।

কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানা পুলিশ জানায়, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। তবে তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ ও অজ্ঞাত দুই যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা