নরসিংদী প্রতিনিধি : হাঁস পালনে উৎসাহিত করতে এবং গ্রামের প্রান্তিক চাষীদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষণ ও উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা ব্র্যাক অফিসে আনুষ্ঠানিকভাবে এই উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
এর আগে সকাল ১০ টায় ওই এলাকার স্থানীয় প্রান্তিক চাষীদেরকে নিয়ে হাঁস লালন পালন এবং এগুলোর চিকিৎসা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে চাষীদের মধ্যে তিন শতাধিক উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, শিবপুর উপজেলা প্রাণি হসপিটালের ভেটেরিনারি সার্জন ডা. মো. আনোয়ার হোসেন।
এসময় ব্র্যাকের নরসিংদী জেলা কোঅর্ডিনেটর মো: মিজানুর রহমান, সিনিয়র এইচআর অফিসার মোছা: বিউটি আফরোজ মিথিলা, শিবপুর উপজেলা ব্যবস্থাপক মো: মফিজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো: রাসেল আকন্দ, মো: মোক্তার হোসেন এবং ব্র্যাকের কৃষিবিদ আবদুল্লাহ আল শরিফ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে -শিবপুর উপজেলা প্রাণি হসপিটালের ভেটেরিনারি সার্জন ডা. মো. আনোয়ার হোসেন বলেন, হাঁস পালনে কোনো লস নেই। হাঁসকে কোনো কৃত্রিম খাবার না দিয়ে শুধু প্রাকৃতিক খাবার খাওয়ালে এর মাংস খেতে খুবই সুস্বাদু লাগে। বাজারে বিক্রি করতে গেলেও এর চাহিদা থাকে বেশি।
তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হাঁস পালন একটা লাভজনক আর্থিক সহায়ক হিসেবে কাজ করে। কাজেই গ্রামের প্রত্যেকের বাড়িতেই স্বল্প পরিসরে হলেও অন্তত দু’একটা হাঁস পালন করা উচিত। এতে একদিকে আর্থিক উন্নতি এবং অন্যদিকে পারিবারিক প্রোটিনের চাহিদা পূরণ সহজ হয়।
