মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ জাতীয় বাংলাদেশ অলিম্পিকে ‘জেন্ডার সমতা’ নিশ্চিত করতে ৫ সদস্যের কমিটি সারওয়াত সিরাজ চেয়ারম্যান, তাপতুন নাসরীন সদস্য সচিব

বাংলাদেশ অলিম্পিকে ‘জেন্ডার সমতা’ নিশ্চিত করতে ৫ সদস্যের কমিটি সারওয়াত সিরাজ চেয়ারম্যান, তাপতুন নাসরীন সদস্য সচিব

স্টাফ রিপোর্টার: এসোসিয়েশনের (বিওএ) কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সংগঠনটির সহ-সভাপতি এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি ‌‌’জেন্ডার ইকুইটি’ বিষয়ক কমিট গঠন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের ডিআইজি তাপতুন নাসরীনকে কমিটির সদস্য সচিব এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফিরোজা করীম নেলী, বিওএ’র এথলেট কমিশনের চেয়ারম্যান ফরহাদ জেসমিন লিটি ও অতিরিক্ত ডিআইজি জান্নাত আরাকে সদস্য মনোনীত করা হয়েছে।

বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) এবিএম শেফাউল কবীর স্বাক্ষরিত এক সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত ব্যক্তিদের আগামী ২৫ জুনের মধ্যে তাদের লিখিত মতামত বিওএ দপ্তরে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

এর আগে দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর, নিরাপত্তা নিশ্চিত এবং তাঁদের অধিকার ও ক্ষমতায়ন জোরদার করার লক্ষে গত ২ জুন একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ব্যারিস্টার সারওয়াত সিরাজ ওই কমিটিরও একজন অন্যতম সদস্য। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি ছাড়াও বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে তাঁর বিশেষ খ্যাতি রয়েছে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা নিশ্চিত করা, নারী ক্রীড়াবিদ ও সংগঠকদের অধিকার রক্ষা এবং সামগ্রিকভাবে ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন জোরদার করতে এই কমিটি নীতিনির্ধারণী ভূমিকা পালন করবে।
কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার সারওয়াত সিরাজ, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অধিকার ও সুযোগ প্রসারে এবং দেশের অলিম্পিক আন্দোলনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে এই কমিটির মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা