রিয়াজ উদ্দিন, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ থেকে একটি রিভলবার, তাজা গুলি, খালি খোসা ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত ৩টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে জাবেদ হোসেনকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জাবেদ হোসেন রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর বাসিন্দা। তার বাবার নাম জোরহমান এবং মায়ের নাম মরিয়ম।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
