শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জনতা ব্যাংকে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জনতা ব্যাংকে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৪টায় জনতা ব্যাংক পিএলসি.-এর প্রধান কার্যালয়ের সিবিএ অফিস (৪র্থ তলা) প্রাঙ্গণে জিয়া পরিষদ, জনতা ব্যাংক পিএলসি. ইউনিট কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিয়া পরিষদ, জনতা ব্যাংক পিএলসি. ইউনিট কমিটির আহ্বায়ক ও এজিএম জনাব মনির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সচিব ও এসপিও জনাব মো. মনছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মজিবর রহমান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের জিয়া পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে তাঁর অসামান্য অবদান এবং আধুনিক স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তাঁর দূরদর্শী ভূমিকার বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সাথে স্মরণ ও বিশ্লেষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আব্দুল লতিফ বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দর্শন আজও বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির অন্যতম পথপ্রদর্শক। রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক খাতের কর্মকর্তা-কর্মচারীদের তাঁর সততা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।”
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে জনতা ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের বিপুল সংখ্যক কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ী অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা