খোরশেদ আলম সীমান্তঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো ২৯ তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নির্বাচন। রোববার (২১ জুন) আধুনিক সফটওয়্যারভিত্তিক অনলাইন ভোটিং ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষা ক্যাডারের প্রায় পাঁচ শতাধিক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোঃ মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মোঃ ইকরামুল কবির নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ফোরামের সাধারণ সদস্যরা। সহকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ফোরামের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা ও সদস্যদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মোহাম্মদ ইমরান, সাংগঠনিক সম্পাদক জসীউদ্দীন, যুগ্ম-সম্পাদক সামিউল করিম, কোষাধ্যক্ষ নুরুল করিম এবং প্রচার সম্পাদক ফারুক হোসেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিজিটাল ও আধুনিক অনলাইন ভোটিং পদ্ধতির কারণে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সদস্যরা কোনো ভোগান্তি ছাড়াই সহজে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ফলে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং পুরো নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
ফোরামের সাধারণ সদস্যরা মনে করেন, নবনির্বাচিত এই নেতৃত্ব শিক্ষা ক্যাডারের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের আন্তরিক সহযোগিতায় একটি সফল ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
