রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ তারাকান্দায় ঘরে ওঠার আগেই ফসল নিয়ে শঙ্কা, বৃষ্টিতে বিপাকে কৃষক

তারাকান্দায় ঘরে ওঠার আগেই ফসল নিয়ে শঙ্কা, বৃষ্টিতে বিপাকে কৃষক

তারাকান্দা (ময়মনসিংহ ) থেকে তৌকির আহমেদ শাহীনঃ মাঠজুড়ে পাকা আমন ধান কাটার ধুম। তবে ফসল ঘরে তোলার আগেই ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে অসময়ে অতিবৃষ্টি যেন কৃষকের স্বপ্নে জল ঢেলে দিয়েছে। জমিতে কেটে স্তূপ করে কিংবা ছড়িয়ে ছিটিয়ে রাখা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে আংশিক পরিপক্ক আমন ধানের গাছ কাটার আগেই ক্ষেতেই নুয়ে পড়ছে। গত শুক্রবার দুপুরের পর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মাঠে মাঠে কেটে রাখা শত শত বিঘা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ময়মনসিংহের তারাকান্দার উপজেলার কৃষকেরা।

রবিবার উপজেলার বিভিন্ন এলাকার আমন ধানের জমিতে গিয়ে দেখা যায়, অনেক কৃষক পাকা ধান কেটে জমিতেই রেখে দিয়েছেন। কেউ ধানের আঁটি বেঁধে রেখেছেন, আবার কেউ মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু চলমান অসময়ে অতিবৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় তা শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে পড়েছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে ডুবে রয়েছে কাটা ধানের আঁটি। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়া, চিটা ও পচন ধরাসহ ফলন ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

ক্ষতিগ্রস্থ একাধিক কৃষক জানান, ধান কাটার উপযুক্ত সময়ে আবহাওয়া অনুকূলে না থাকায় বিপাকে পড়েছেন তাঁরা। একদিকে জমিতে পাকা ধান পড়ে থাকার ঝুঁকি, অন্যদিকে কেটে রাখা ধান ঘরে তুলতে না পারার দুশ্চিন্তা। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে যেসব কৃষক ধারদেনা করে ধান চাষ করেছেন, তাঁদের জন্য এই পরিস্থিতি বড় ধরনের আর্থিক সংকট তৈরি করতে পারে বলেও জানান তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় প্রায় ২৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। এরই মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আক্রান্ত ধানের জমির পরিমাণ প্রায় ২২৫ হেক্টর। বাকি জমির ধান কাটার প্রস্তুতি চলছিল। এমন সময় বৃষ্টির কারণে ধান কাটা, শুকানো ও ঘরে তোলা নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে শুধু জমিতে থাকা পাকা ধানই নয়, ইতোমধ্যে কেটে রাখা ধানেরও বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে চলতি মৌসুমে উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কাও রয়েছে।

বাড়ইপাড়া গ্রামের কৃষক আ. রশীদ জানান, এবার প্রায় ৬ বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলাম। আবহাওয়ার পূর্বাভাস শুনে চার বিঘা জমির ধান কেটে জমিতে রেখেছি। কিন্তু ঘরে তুলতে পারিনি। অন্য দুই বিঘা জমির ধান বৃষ্টিতে নুয়ে পড়েছে। ফলন ভালো হয়েছিল। এখন বৃষ্টিতে সব এলোমেলো হয়ে গেছে।

জাহাঙ্গীর নামের আরেক কৃষক বলেন, ধার দেনা করে ধান লাগিয়েছি, ধান কেটে ঘরে তোলার আগেই হঠাৎ করে আকাশ খারাপ হওয়ায় চার বিঘা জমির ধান কাটা অবস্থায় মাঠেই পড়ে রইলো, জমিতে পানি জমে গেছে এভাবে বৃষ্টি চললে জমিতেই আবার গাছ উঠবে, এই ক্ষতি কিভাবে পোয়াবো ভেবে পাচ্ছি না।

উপজেলা কৃষি অফিসার অনুরমা কাঞ্চি সুপ্রভা শাওন জানান, এবার উপজেলায় রোপা আমনের ফলন বেশ ভালো হয়েছিল। তবে মৌসুমের শেষ সময়ে বৃষ্টির কারণে কৃষকেরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। ধান নুয়ে পড়ায় এবং জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াইয়ে কৃষকদের বাড়তি শ্রম ও খরচ গুনতে হবে। ক্ষয়ক্ষতি কমাতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে থেকে জমির পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা