শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ ভালুকায় পরিবেশ দূষণ রোধে শিল্পকারখানা পরিদর্শন, কার্যকর পদক্ষেপের আশ্বাস

ভালুকায় পরিবেশ দূষণ রোধে শিল্পকারখানা পরিদর্শন, কার্যকর পদক্ষেপের আশ্বাস

ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহের ভালুকায় পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব, এর প্রতিকার ও উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বিভিন্ন শিল্পকারখানা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন জাতীয় সংসদ সদস্য জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরসমূহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
প্রতিনিধিদল ভালুকার এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলস, মূলতাজিম স্পিনিংসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ও বায়োগ্যাস প্লান্ট সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি শিল্পবর্জ্যের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষি জমি ও মৎস্য খামারও ঘুরে দেখেন তারা।
এ সময় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে শিল্পপ্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং পরিবেশের ক্ষতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টদের পক্ষ থেকে পরিবেশবান্ধব শিল্পায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
পরিদর্শনকালে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা পরিবেশ দূষণজনিত সমস্যার কথা তুলে ধরলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা