শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে বিএনপি’রে মামলা দিমু আ-লীগ’রে কোলে লইয়া নাঁচমু

সোনারগাঁওয়ে বিএনপি’রে মামলা দিমু আ-লীগ’রে কোলে লইয়া নাঁচমু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউপি বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলমের একটি বক্তব্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিমু-আওয়ামী লীগকে কোলে লইয়া নাঁচমু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর স্থানীয় ত্যাগী বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রকাশিত ভিডিওতে জাহাঙ্গীর আলমকে মোবাইল ফোনে এক ব্যক্তির সঙ্গে ফোন আলাপ কালে তিনি বলেন, বিএনপি ওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো কোলে লইয়া নাঁচমু, চিন্তা কইরেন না। তিনি একটি স্থানে বসে উত্তেজিত কণ্ঠে কথা বলছেন এবং তার আশ-পাশে কয়েকজন অনুসারী অবস্থান করছেন।

এ ব্যাপারে কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন, তা জানতে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের জানতে চাইলে তিনি বলেন, এমন বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী। তিনি আরো বলেন, ভিডিওটি এখনো দেখিনি। তবে ভিডিওর সত্যতা নিশ্চিত হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এ ধরনের বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, ভিডিওর সত্যতা যাচাই না করে মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি যদি সত্যিই এমন কথা বলে থাকেন, সত্যতা নিশ্চিত হলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা