শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা টাঙ্গাইলে নির্যাতিত শিশুটির খোঁজ নিতে শহীদ সোহরাওয়ার্দীতে প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে নির্যাতিত শিশুটির খোঁজ নিতে শহীদ সোহরাওয়ার্দীতে প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ টাঙ্গাইলে নির্যাতনের শিকার সাড়ে ছয় বছরের শিশুটি একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে শিশুটির চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা জানতে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। শিশুটি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

শিশুটির শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা। শিশুটির মা জানান, শারীরিক অবস্থার উন্নতি হলেও তার মানসিক ট্রমা এখনো পুরোপুরি কাটেনি। মাঝেমধ্যে শিশুটি জোরে চিৎকার করে ওঠে। এ সময় প্রতিমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী টুকু গত (৩১ অক্টোবর) গভীর রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান। সে সময় তিনি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ঢাকায় নেওয়ার আশ্বাসও দেন তিনি। পরে তাঁর নির্দেশনায় গত (১ নভেম্বর) দুপুরে অ্যাম্বুলেন্সযোগে শিশুটিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকেই শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজখবর ও তদারকি করছেন প্রতিমন্ত্রী।

এখানে উল্লেখ্য, গত (৩০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার বড় কালীবাড়ি মোড়ে মার্কেটের একটি সিঁড়িতে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চিৎকার ও বাধা দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তার মুখে আঘাত করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের প্রায় ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা