জনতা ডেস্ক : ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মধ্যরাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং হরমুজ প্রণালি থেকে ওমান উপসাগর পর্যন্ত বিশাল এলাকাজুড়ে বড় হামলা চালিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, মার্কিন হামলায় দেশটির তিন সমুদ্রবন্দর বন্দর আব্বাস, কোনারক এবং চাবাহারের ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর আব্বাস ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর। এছাড়া হরমুজ প্রণালি ও আশপাশে ইরানের নৌবাহিনী এবং সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যত স্থাপনা রয়েছে, প্রায় সবগুলোতে হামলা হয়েছে।
মার্কিন বাহিনীর নিক্ষিপ্ত বোমায় চাবাহার বন্দও এবং তার আশপাশের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে ভোর থেকে কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মেহের নিউজের প্রতিবেদনে।
সমুদ্রবন্দরের পাশপাশি দক্ষিণ ইরানের ইরানশাহর শহরে একটি বিমানবন্দর এবং উত্তর ইরানের আক্কালা শহরের একটি রেলসেতুতে আঘাত হেনেছে সেন্টকোম। মার্কিন বাহিনীর নিক্ষিপ্ত বোমায় ইরানশাহর বিমানবন্দরের একজন ফায়ার সার্ভিসকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।
