রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলার তারাবে পৌরসভার বরাব এলাকায় দখলবাজি, চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শুটার শাকিল নামে একজন গুরুতর আহত হয়েছে। ০৩রা নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বরাব এলাকায় এই ঘটনা ঘটে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়- এলাকায় আধিপত্য, চাঁদাবাজি,ও দখলবাজি বিস্তার নিয়ে শূটার শাকিল গ্রুপের সাথে ছাত্রদল নেতা মিরাজের সাথে দ্বন্দ্ব দীর্ঘ দিনের। বরাব ও রসুলপুর এলাকায় কেউ বাড়ী ঘর নির্মাণ করতে চাইলে এই দুই গ্রুপের লোকজন গিয়ে চাঁদা দাবি অথবা নির্মান কাজের যাবতীয় সামগ্রী সরবরাহ সহ বাড়ী নির্মানের কাজ ঠিকা দিয়ে দিতে হয়।
সদ্য কারামুক্ত শূটার শাকিল এলাকায় এসেই জড়িয়ে পড়ে বিভিন্ন অপকর্মে। গত কিছুদিন পূর্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শূটার শাকিলের নেতৃত্বে সিয়াম অতর্কিত হামলা চালায় ছাত্রদল নেতা মিরাজ, মাহিনের উপর। হামলার সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিয়াম। হামলার পরপর এলাকা থেকে গা ঢাকা দেয় শূটার শাকিল, সিয়াম ও তাদের বাহিনী।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান- পূর্বের ঝামেলা নিয়ে ছাত্রদল নেতা মিরাজ ও তার লোকজন মঙ্গলবার সন্ধ্যার সময় শূটার শাকিলের উপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান- তারাব পৌরসভার বরাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শূটার শাকিল নামে একজন আহত হয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
