শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাট মামলায় আ.লীগের পাঁচ নেতা কারাগারে

ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাট মামলায় আ.লীগের পাঁচ নেতা কারাগারে

পটুয়াখালী থেকে ফিরোজ আহমেদঃ পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা একটি মামলায় আওয়ামীলীগের পাঁচ আওয়ামীলীগের পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, কারাগারে পাঠানো আসামিরা হলেন গৌতম রায়, কাজী আজাদ, শাহজাহান, জাকির হোসেন ভূঁইয়া (ভুট্টো) ও রমিজ মোল্লা। তারা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ৬ মার্চ দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর, মালামাল লুটপাট এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ৪৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার পর আসামিরা পলাতক ছিলেন। পরে তারা উচ্চ আদালত থেকে দুই মাসের আগাম জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষ হলে বুধবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বেতাগী সানকিপুর ইউনিয়নের একটি মামলায় পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশের কপি হাতে পাওয়ার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা