স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় দায়িত্বরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করা হয়েছে। এ সময় চক্রের এক সদস্যকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ঠিক ৬টা ১০ মিনিটে আশুগঞ্জ সার কারখানার অভ্যন্তরে তিন সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র কৌশলে সীমানা প্রাচীর টপকে প্রবেশ করে তামার তার ও কারখানার বিভিন্ন মালামাল চুরির চেষ্টা চালায়। বিষয়টি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য মৃত্যু রঞ্জন চাকমার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ক্যাম্প ইনচার্জ পিসি মো. রিপন উদ্দিনকে অবহিত করেন।
খবর পেয়ে পিসি মো. রিপন উদ্দিনের নেতৃত্বে আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা ও ধাওয়া করলে চোরচক্রের দুই সদস্য পালিয়ে যায়। তবে রাব্বি হাসান (২৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির উদ্দেশ্যে কারখানায় প্রবেশ এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুগঞ্জ থানায় পুলিশের নিকট সোপর্দ করা হয়।
- আশুগঞ্জ সার কারখানার এ ঘটনা গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের সতর্কতা, তাৎক্ষণিক তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
