শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ বন্যার দুর্দিনে বিজিবির মানবিক উদ্যোগ

বন্যার দুর্দিনে বিজিবির মানবিক উদ্যোগ

শামিমুর রহমান জিসান, আলীকদম প্রতিনিধি: টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ৮০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

শনিবার (১১ জুলাই) ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। বিজিবি সদস্যরা দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে আলীকদমে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় রুয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের ৩৬টি, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের ১৭টি এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আশ্রয়কেন্দ্রের ২২টি পরিবার খাদ্য সহায়তা পায়। পাশাপাশি পানিবন্দী অন্যান্য পরিবারের অবস্থাও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দুর্গত মানুষের নিরাপদ আশ্রয়ে যাতায়াত, জরুরি উদ্ধার কার্যক্রম এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে আলীকদম ব্যাটালিয়ন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবা, ত্রাণ, আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে বিজিবি। তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টানা বর্ষণে আলীকদম–থানচি সড়কে একাধিক ভূমিধস, যোগাযোগ সচল রাখতে দিনভর কাজ করছে সেনাবাহিনীর

শামিমুর রহমান জিসান | আলীকদম | ১১ জুলাই ২০২৬

টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ি জেলা বান্দরবানের আলীকদম হয়ে থানচিগামী সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড় থেকে নেমে আসা মাটি, পাথর ও উপড়ে পড়া গাছ সড়কের ওপর ছড়িয়ে পড়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১১ জুলাই) সকাল থেকেই থানচি উপজেলার বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়ক, বোলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং সড়কের ২৩ কিলোমিটার এলাকায় ভূমিধসের কারণে মাটি ও গাছপালা সড়কে পড়ে যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়। বিষয়টি জানার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সড়ক পরিষ্কার কার্যক্রম শুরু করেন।
সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় পাড়াবাসীদের সহযোগিতায় সড়কে জমে থাকা মাটি, পাথর ও উপড়ে পড়া গাছ অপসারণে নিরলসভাবে কাজ করছেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে নিরাপদে যানবাহন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) সমন্বিতভাবে কাজ করছে। বিশেষ করে বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়ক এবং ২৩ কিলোমিটার এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চলমান বর্ষায় পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে আরও উদ্ধার ও সড়ক সংস্কার কার্যক্রম পরিচালনার প্রস্তুতিও রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও নিরলস কাজের ফলে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এতে সাধারণ মানুষ এবং জরুরি সেবার যানবাহন চলাচলে স্বস্তি ফিরতে শুরু করেছে।
প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভূমিধসপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা