ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে টানা ভারী বর্ষণের কারণে পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি আহত হয়েছে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটির অবস্থা পর্যবেক্ষণ করেন এবং জরুরি চিকিৎসার উদ্যোগ নেন।
শনিবার (১১ জুলাই) উপজেলার একটি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিত করে। একই সঙ্গে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।
বন বিভাগ জানিয়েছে, হাতিটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবল প্রস্তুত রাখা হয়েছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী হাতিটির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, আহত মা হাতিটিকে দ্রুত সুস্থ করে তার স্বাভাবিক আবাসস্থলে নিরাপদে ফিরিয়ে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
