শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ জেলা পরিষদের উদ্যোগে পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

জেলা পরিষদের উদ্যোগে পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর প্রতিনিধি: “আমার আঙিনা আমি পরিষ্কার রাখি, ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ রোগবালাই থেকে দূরে থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিরোজপুরে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষ বিতরণ, গার্বেজ ভ্যান বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার উকিলপাড়া-আমলাপাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন সহ স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাসব্যাপী এ কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু সরকারি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি আরও বলেন, একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পিরোজপুর গড়ে তুলতে পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে জেলা পরিষদ জনকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে পজেটিভ পিরোজপুর ও এমিনেন্ট বয়েজ পিরোজপুরের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা