বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে যুবসমাজ, বাড়ছে চুরি-ছিনতাই ও কলহ

ভালুকায় মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে যুবসমাজ, বাড়ছে চুরি-ছিনতাই ও কলহ

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তারে উদ্বেগ বাড়ছে সচেতন মহলে। মাদকের ছোবলে ধীরে ধীরে বিপথগামী হয়ে পড়ছে একাংশের যুবসমাজ। এর প্রভাবে পারিবারিক কলহের পাশাপাশি এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ও গোপনে মাদক কেনাবেচা ও সেবন চলছে। বিশেষ করে উঠতি বয়সী তরুণদের একটি অংশ মাদকের ভয়াবহ নেশায় জড়িয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করতে কেউ কেউ চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
মাদকাসক্তির কারণে অনেক পরিবারে অশান্তি ও কলহ লেগেই থাকছে। নষ্ট হচ্ছে পারিবারিক ও সামাজিক বন্ধন। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সচেতন মহল বলছে, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং তরুণ সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসীর দাবি, ভালুকাকে মাদকমুক্ত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা