ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে টেকনাফের বাসিন্দা মো. হাফেজ উল্লাহ ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তার কাছ থেকে আনুমানিক ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, আটক হাফেজ উল্লাহ একসময় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া এর আগেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।
