বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ ‘এখানকার মানুষ আমাদের কাছে দেবতার মতো’— ৩৬ দিন সাগরে ভেসে থাকার পর মহেশখালীতে উদ্ধারকৃত দুই জেলে

‘এখানকার মানুষ আমাদের কাছে দেবতার মতো’— ৩৬ দিন সাগরে ভেসে থাকার পর মহেশখালীতে উদ্ধারকৃত দুই জেলে

রিয়াজ উদ্দিন | কক্সবাজার
টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে দিকভ্রান্ত অবস্থায় ভেসে থাকার পর কক্সবাজারের মহেশখালী উপকূলে উদ্ধার হয়েছেন শ্রীলঙ্কার দুই জেলে। জীবন-মৃত্যুর সেই বিভীষিকাময় অভিজ্ঞতার পর বাংলাদেশি জেলেদের মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেছেন, “এখানকার মানুষ আমাদের কাছে দেবতার মতো।”
উদ্ধার হওয়া জেলেরা হলেন শ্রীলঙ্কার নাগরিক সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং এবং তার বাবা এস. এইচ. চামিন্দা (৫১)। বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছাকাছি ভাসমান একটি ফাইবার ট্রলার থেকে মহেশখালীর একদল জেলে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। বর্তমানে তারা মহেশখালী থানার পুলিশ হেফাজতে রয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে সিংহলী ভাষায় কথা বলতে গিয়ে সাউন্ডা জানান, গত ১৯ জুন মাছ ধরার উদ্দেশ্যে তারা শ্রীলঙ্কা থেকে সমুদ্রে যান। মাছ ধরা শেষে ফেরার পথে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর স্রোতের টানে তারা গভীর সমুদ্রে দিক হারিয়ে দীর্ঘ ৩৬ দিন ভেসে থাকেন।
তিনি জানান, এ সময় একটি নৌকার সঙ্গে দেখা হলেও সাহায্য পাওয়ার পরিবর্তে ওই নৌকার লোকজন তাদের মারধর করে ট্রলারের মোটর, ব্যাটারি, ডিজেলসহ মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায়। পরে আরও দুই দিন খাবার ছাড়াই সাগরে ভেসে থাকতে হয় তাদের।
পরবর্তীতে আরেকটি নৌকার জেলেরা তাদের দুটি প্যাকেট বিস্কুট ও কিছু চাল দিয়ে সহায়তা করেন। পরে একই নৌকা ফিরে এসে তাদের নিরাপদে বাংলাদেশের উপকূলে নিয়ে আসে।
উদ্ধারকারী জেলেরা জানান, দীর্ঘদিন সাগরে ভেসে থাকার সময় দুই শ্রীলঙ্কান জেলে কাঁচা মাছ খেয়েও বেঁচে ছিলেন বলে তারা ইশারার মাধ্যমে বুঝতে পেরেছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, উদ্ধার হওয়া দুই ব্যক্তি শ্রীলঙ্কার নাগরিক। তাদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। শ্রীলঙ্কার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের নিজ দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। দেশে ফেরার আগ পর্যন্ত সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে রাখার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘ ৩৬ দিনের ক্ষুধা, তৃষ্ণা ও মৃত্যুভয় পেরিয়ে এখন তাদের একমাত্র প্রত্যাশা—নিরাপদে নিজ দেশের মাটিতে, পরিবারের কাছে ফিরে যাওয়া।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা