নরসিংদী প্রতিনিধিঃ ২৭/০৭/২৬ সোমবার নরসিংদী জেলার উপজেলা মোড়( ডিসি রোড) এলাকায় অবস্থিত মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার এবং রমেশ পোদ্দারপ্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে উভয় প্রতিষ্ঠানের রান্নাঘরে অত্যন্ত স্যাঁতসেঁতে, নোংরা, দুর্গন্ধযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয়। প্রস্তুতকৃত মিষ্টান্ন খোলা অবস্থায় মেঝেতে রাখা ছিল এবং তাতে পোকামাকড় ও মাছি বসতে দেখা যায়। খাবার সংরক্ষণের র্যাকগুলো ধুলাবালি ও মাকড়সার জালে আচ্ছাদিত ছিল। পুরি, সিঙারা ও সামুচা তৈরির উপকরণ সম্পূর্ণ খোলা অবস্থায় রাখা হয়েছিল, যার ওপর মাছি, মশা ও অন্যান্য পোকামাকড় অবাধে চলাচল করছিল।
এছাড়া মিষ্টি প্রস্তুতকারী কর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করতে দেখা যায়নি। তারা খালি গায়ে ও খালি পায়ে রান্নাঘরে চলাচল করছিলেন। একজন কর্মীর পায়ের ক্ষতস্থানে মাছি বসে পুনরায় খাদ্যদ্রব্যের ওপর বসতে দেখা যায়, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ফ্রিজারে পঁচা ও বাসি রান্না করা সবজির পাশাপাশি রক্তসহ কাঁচা মাংস সংরক্ষণ করা হচ্ছিল। একই স্থানে রক্তমিশ্রিত পানির পাশেই মিষ্টি তৈরির ছানা, মাওয়া ও অন্যান্য উপকরণ খোলা অবস্থায় রাখা ছিল। রান্নায় ব্যবহৃত শুকনা মসলাগুলোও ঢাকনাবিহীন অবস্থায় সংরক্ষিত ছিল। এছাড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টেস্টিং সল্ট (MSG) ব্যবহার করতে দেখা যায়। রান্নাঘরে এতটাই দুর্গন্ধ ছিল যে মাস্ক পরেও অবস্থান করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় উভয় প্রতিষ্ঠানকে *ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা* অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব ছিলেন মোঃ মাসুদ রানা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
জেলা প্রশাসক এর কার্যালয়, নরসিংদী।
