আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পৃথক চারটি অভিযানে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা, ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২৭ হাজার ৮০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন ৩ আগস্ট রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আলম সোহাগের নেতৃত্বে কবিরপুর তেলিরবাজার এলাকায় অভিযান চালিয়ে সাবিনা খাতুন (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার ৯৫০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
একই ধারাবাহিকতায় ২ আগস্ট রাতে পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জায়েদুল আলম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার ৪০০ টাকা। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এছাড়া ইয়ারপুর ইউনিয়নের বাইপাইল-আশুলিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে, ৩ আগস্ট ভোরে জামগড়া সিরু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে কাউসার আহমেদ (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
উক্ত বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্যারের সার্বিক নির্দেশে মাদকের বিরুদ্ধে আশুলিয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এই আটক অভিযানটিও তারই একটি অংশ। তিনি আরও জানান, তিনি আরও বলেন মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।
