শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সংগঠন বিরোধী অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েই দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে থেকে বিদায় নিলেন এক বিএনপি কর্মী।
সোমবার (৩ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য, দক্ষিণ ধনয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মাহবুব আলম দুধ দিয়ে গোসল করে রাজনীতির অঙ্গন থেকে চিরতরে বিদায় নিয়েছেন।
গত ২৯ জুলাই শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাহবুব আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক মনির জানান, মাহবুব আলম দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় ব্যাপক চাঁদাবাজি, দখলবাজি, অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এর প্রেক্ষিতে দল প্রথমে তাকে শোকজ এবং পরে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
এদিকে চরম লজ্জায় এবং ক্ষোভে মাহবুব আলম দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য রাজনীতির অঙ্গন থেকে বিদায় নিয়েছেন। তিনি আর কোনদিন রাজনীতি করবেন না বলেও জানিয়েছেন।
