পিরোজপুর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
সকাল সাড়ে ৯টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর,মহিলা সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দীকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগের গুরুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
