রিয়াজ উদ্দিন | কক্সবাজার : কক্সবাজারের দরিয়ানগরে বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনার সময় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১)-এর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরিদ (৪৫)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৭ আগস্ট) র্যাব-১৫, কক্সবাজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১৫ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১ আগস্ট দুপুরে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগরে ফরিদের পরিচালিত প্যারাসেইলিংয়ে অংশ নেওয়ার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে সমুদ্রে পড়ে যান অক্ষর সৌভিক রায়। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
