রিয়াজ উদ্দিন, কক্সবাজার থেকে : বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, “কীসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়। তারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনও তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।”
এর আগে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন করেন। সেখানে তিনি বলেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সরকার ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অতীতে ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) পুনর্বিবেচনায় জরিপ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রকৃতি রক্ষা করেই টেকসই পর্যটন উন্নয়ন সম্ভব হয়।
তিনি জানান, কক্সবাজারকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার প্রসারে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
