শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরের একজন অটোচালক নিখোঁজের ৩ দিন পর তার লাশ পাওয়া গেছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের রামডুবি বাজার সংলগ্ন একটা ডোবার কালভার্টের নীচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এসময় তার ব্যবহৃত মোবাইল ও পায়ের জুতাও পাওয়া যায়।
পরে দিনাজপুর সদর থানা পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ সৈয়দপুরে পরিবারের কাছে হস্তান্তর করে এবং সন্ধায় জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। নিহত অটোচালকের নাম রিপন (২৮)। সে সৈয়দপুর পৌরসভার ঢেলাপীর উত্তরা আবাসনের আব্দুল মতিনের ছেলে।
দুই সন্তানের জনক রিপন গত মঙ্গলবার দুপুরে নিজের অটো রেখে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। আজ শুক্রবার দিনাজপুর সদরের রামডুবি এলাকায় ডোবা থেকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। কিন্তু পরিচয় নিশ্চিত হতে পারেনি।
এমতাবস্থায় লাশ উদ্ধারের ভিডিও ফেসবুকে প্রচার হলে রিপনের পরিবার দেখতে পায়। তারা দুপুরের দিকে দিনাজপুর সদর থানায় গিয়ে পরিচয় নিশ্চিত করে। এর প্রেক্ষিতে পুলিশ হত্যা মামলা রুজুর পর ময়নাতদন্ত করে। তবে হত্যার সঠিক কারন জানা যায়নি।
এদিকে লাশ সৈয়দপুরে এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং একনজর দেখার জন্য রিপনের বাড়িতে আত্মীয় স্বজনসহ সাধারণ মানুষের ভীড় জমে। মাগরিবের নামাজের পর উত্তরা আবাসন মাঠে জানাজা শেষে লাশ দাফন করা হয়।
