শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি আটক

এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি আটক

মৌলভীবাজার থেকে সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় পারভেজ আলম খান (৩২) নামে এক আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।আটক পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন।মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি পারভেজ আলম খানকে আটকের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে ঢাকা জেলার সাভার থানাধীন রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে সারারাত অভিযান পরিচালনা শেষে ৮ আগস্ট ২০২৬ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে একই মামলায় ডিবি কর্তৃক সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে আটক করা হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে, এই ঘটনায় জড়িত অন্য আসামিদের সনাক্ত এবং গ্রেফতারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা কাজ করছে বলে জানান ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা