মোঃ মঞ্জুর মোল্লা, ঢাকা
রাজধানীর মহাখালীতে পৃথক দুইটি সফল অভিযান চালিয়ে বিশাল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। রবিবার (৯ আগস্ট) ভোরে মহাখালী টিবি গেইট সংলগ্ন সাততলা বস্তি এলাকায় পরিচালিত এসব অভিযানে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা এবং ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) এবং চৌধুরী জাহিদ রহমান (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে বনানী থানার একটি বিশেষ টিম মহাখালী সাততলা বস্তির একটি বাসায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা জব্দ করা হয়।
একই সময়ে বনানী থানার অপর একটি টিম মহাখালী টিবি গেট এলাকার অন্য একটি বাসায় পৃথক অভিযান চালায়। সেখান থেকে চৌধুরী জাহিদ রহমানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেখানো জায়গা ও হেফাজত থেকে হাঁসুয়া, বেসবল ব্যাট, ডাসা, ছেনি ও কাটানিসহ সর্বমোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে বিভিন্ন সাইজের হাঁসুয়াই ছিল ১২টি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৬১
