শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

এস.এম.নাহিদ: রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) খিলক্ষেত থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিআর, সিআর ও সাজা ওয়ারেন্টভুক্ত আসামিদের পাশাপাশি নিয়মিত মামলা ও ডিএমপি অধ্যাদেশের আওতায়ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, গ্রেপ্তার ১৪ জনের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলায় ১ জন এবং ডিএমপি অধ্যাদেশের আওতায় ৫ জন রয়েছেন। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, খিলক্ষেত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা