এস.এম.নাহিদ : রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটের দিকে ব্লক-এমের রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, ওই ফ্ল্যাটে ঢাকার বিভিন্ন এলাকায় ১৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে তাঁরা সমবেত হয়েছিলেন।
সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তাঁদের কাছে প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ।
এদিকে রাজধানীর আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে গোপনে এমন একটি সমাবেশের আয়োজন এবং সেখান থেকে একসঙ্গে ৫৩ জনকে গ্রেপ্তারের ঘটনায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন এবং তাঁদের পরিকল্পনার পরিধি কতটা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
