বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ বাস টার্মিনাল সংলগ্ন আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

বাস টার্মিনাল সংলগ্ন আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাস টার্মিনাল এলাকার ঢাকা আবাসিক হোটেল-এর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের তথ্য ও নিহতের পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) আতাউল করিম হোটেলে এসে একটি কক্ষ ভাড়া নেন। তিনি একাই ওই কক্ষে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা ঘটনা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই পুলিশ সদস্য আতাউল করিমের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা