শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

কৌশিক দাশ,বান্দরবান : “ রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৬ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের পুকুর প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে জেলা পরিষদের লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ৩০০নম্বর আসন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এরপর জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য অধিদপ্তর বান্দরবানের আহ্বায়ক খামলাই ¤্রাে এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এসময় মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ বৈরাগী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নাঈম মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোহাম্মদ মামুনুর রহমান,জেলা পরিষদের বিভিন্ন সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাহাড়ি এলাকায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষ আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

এসময় ৩০০নম্বর আসন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এই ধরণের আয়োজনকে সাধুবাদ জানান এবং মৎস্য চাষীদের উন্নয়নে আগামীতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় বান্দরবান জেলার পাঁচ মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা