মজিবর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বালারহাট ও গংগারহাট বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ করেছে।
গোয়েন্দা তথ্যানুযায়ী, ১৭ আগস্ট রাত ০২:৪৫ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী এবং বিকাল ০৪:২৫ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন উত্তর বিদ্যাবাগীস কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় পৃথক ২টি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় ইস্কাপ সিরাপ ১০০ বোতল ও ইয়াবা ট্যাবলেট ৩৫২ পিছ এবং গাঁজা ৪০০ গ্রাম জব্দ করতে সক্ষম হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাপ সিরাপ ১০০ বোতল, যার সিজার মূল্য ৪০,০০০/- ও ইয়াবা ট্যাবলেট ৩৫২ পিছ, যার সিজার মূল্য ১,০৫,৬০০/- এবং গাাঁজা ৪০০ গ্রাম, যার সিজার মূল্য ১,৪০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,৪৭,০০০/- টাকা। এছাড়াও মাদক চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন,“দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন এর প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়াও, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা করেছি এবং ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
