শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার বিরাহিমপুর জোড়াপুল সংলগ্ন গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচংয়ের সোহেল মিয়া (২৩) এবং শ্রীমঙ্গলের জুয়েল মিয়া (২৮) ও রাসেল আহমেদ (৩০)।
পুলিশ জানায়, একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) দীপংকর হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও গাড়িতে থাকা চারজনকে আটক করা সম্ভব হয়।
তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার চাকু, একটি ধারালো চাকু, একটি লোহার শাবল ও দুটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের টয়োটা এলিয়ন গাড়িটি জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার চারজন। পুলিশের দাবি, তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য।
