রিয়াজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া সংলগ্ন নাজিরারটেক শুঁটকি পল্লীতে আকস্মিক ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, ঝড়ে বিপুল পরিমাণ শুঁটকি নষ্ট হয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া শুরু হয়। এতে নাজিরারটেক শুঁটকি পল্লীর অন্তত ১২টি ছোট ঘর সম্পূর্ণ ভেঙে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীরা জানান, ঝড়ের সময় শুঁটকি শুকানোর জন্য রাখা বিপুল পরিমাণ কাঁচা মাছ বৃষ্টিতে ভিজে যায়। পাশাপাশি প্রচণ্ড বাতাসে অনেক শুঁটকি উড়ে গিয়ে নষ্ট হয়। এতে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ব্যবসায়ীরা জানান, নাজিরারটেক দেশের অন্যতম বৃহৎ শুঁটকি উৎপাদন ও বিপণন কেন্দ্র। আকস্মিক এ ঝড়ে তাদের মজুত ও প্রক্রিয়াধীন শুঁটকি নষ্ট হওয়ায় অনেক ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছেন।
কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস ছিল। এর প্রভাবে কক্সবাজার উপকূলে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।
