বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বেলাবতে মাদক সেবনকালে পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক

বেলাবতে মাদক সেবনকালে পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক

কামরুল ইসলাম কামাল, ​নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর বেলাবতে মাদক কারবারিদের সাথে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

আটককৃতরা হলেন, বেলাব থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাব মাটিয়াল পাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মোঃ আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে মোঃ বাদল (৩৭)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সাথে পুলিশ কনস্টেবল সামসুল ইসলামসহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত হন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। আটক সামসুল ইসলাম বেলাব থানায় কনস্টেবল পদে কর্মরত।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, এর আগে ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে জীবন নামে এক কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। বেলাব থানার বারৈচা বাজার থেকে একজন মোটরসাইকেল আরোহী ইয়াবা নিয়ে খামারের চর এলাকায় যাচ্ছে এমন গোপন তথ্য পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরবর্তীতে খামারেরচর এলাকার এএনএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের সামনে অবস্থান নেয় ডিবি টিম। কিছুক্ষণ পর মোটরসাইকেল আরোহী পৌঁছালে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. জীবন মিয়া (২৮)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং নরসিংদীর বেলাব থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা