মোঃমনজুর মোল্লা : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসাবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গোলাপবাগ এলাকা থেকে আরিফ আহম্মেদ (২৫) নামের চোরচক্রের মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া নগদ ১ লাখ ৬৭ হাজার টাকা।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতে যাত্রাবাড়ী এলাকার এক ভুক্তভোগীর পরিবার রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। পরদিন ১০ আগস্ট সকালে তারা ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের দরজা খোলা এবং ভেতরের আসবাবপত্র ও মালামাল এলোমেলো। পরে দেখা যায়, আলমারিতে থাকা ব্যবসার নগদ ৬ লাখ টাকা এবং একটি স্মার্ট বাটন মোবাইল ফোন চুরি হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী এনামুল হাসান (২৯) বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে আসামির অবস্থান শনাক্ত করে বুধবার (১৯ আগস্ট) দুপুরে গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি আরিফকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া অর্থের মধ্য থেকে নগদ ১ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ
