শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শায়েস্তাগঞ্জের শিক্ষার্থী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি

শায়েস্তাগঞ্জের শিক্ষার্থী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি

মো. ইনজামামুল হক (নাঈম), শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি অসাধারণ সাফল্য অর্জন করেছেন। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার জন্য তিনি প্রায় ৭৫ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি পেয়েছেন। গত ১৮আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে জেমিকে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় জেমি প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন।

এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষার ব্যয়ের বড় একটি অংশ বহন করা হবে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত ২০ জুলাই থেকে তিনি শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসব্যাপী সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের ওই সামার স্কুলে শতাধিক শিক্ষার্থীর মধ্যে মাত্র সাতজন মর্যাদাপূর্ণ এই বৃত্তির জন্য নির্বাচিত হন। তাদের মধ্যে দুজন শিক্ষার্থী সম্পূর্ণ বিনা খরচে ভর্তির সুযোগ পেয়েছেন, যার একজন জেমি।

জেমির বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জ পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নানা প্রতিকূলতার মধ্যেও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় জেমি জহুর চান বিবি মহিলা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি সম্পন্ন করেন।

বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের সামার স্কুলে অংশ নেওয়া জেমির জন্য ছিল বড় চ্যালেঞ্জ। তবে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে সেই চ্যালেঞ্জ জয় করে তিনি অর্জন করেছেন এই গৌরবময় সাফল্য।

প্রায় ৭৫ লাখ টাকার এই বৃত্তি শুধু জেমির ব্যক্তিগত অর্জন নয় এটি তার পরিবারের দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতিও।

পাশাপাশি শায়েস্তাগঞ্জের শিক্ষার্থী ও দেশের তরুণ প্রজন্মের জন্য এটি একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত।

বাবা-মা ও শিক্ষকদের নিরন্তর সহযোগিতা, উৎসাহ এবং নিজের অদম্য প্রচেষ্টার মাধ্যমে জেমি এই সাফল্যের শিখরে পৌঁছেছেন। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা