মোঃ মনজুর মোল্লা : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনের চেকপোস্টে তল্লাশি চালিয়ে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার বৈধ উৎস দেখাতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝর্ণা (৪০) নামে দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে বসানো বিশেষ চেকপোস্টে এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রাতে চেকপোস্ট পরিচালনাকালে একটি সন্দেহভাজন রিকশা থামায় পুলিশ। পরে রিকশাযাত্রী মো. ইসরাফিলের সাথের ব্যাগ তল্লাশি করে ভেতরে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বিপুল পরিমাণ টাকার কোন বৈধ উৎস বা সন্তোষজনক জবাব দিতে পারেননি ইসরাফিল।
ঘটনার কিছুক্ষণ পর সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে কোনো সঠিক বা আইনগত ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।
পরবর্তীতে উদ্ধারকৃত পুরো ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করে পুলিশ। এ ঘটনায় আটককৃত দুইজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানা কর্তৃপক্ষ জানায়, আটককৃত ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে
