বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ বিশ্ব ইউক্রেনে শপিং মলে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

ইউক্রেনে শপিং মলে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহরের একটি শপিং মলে জোড়া ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ হামলায় আহত হয়েছেন আরও ১৩০ জন। আহতদের মধ্যে ২৩ শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কর্মকর্তারা জানান, হামলার পর উদ্ধার অভিযান চলার সময় আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। শপিং মলটিতে এখনো নয়জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে দুটি শিশু। আহতদের ২৯ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, প্রথম হামলার পর উদ্ধারকাজ চলার সময় দ্বিতীয় ড্রোন হামলা চালানো হয়। এতে জরুরি সেবাকর্মীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

এদিকে একই দিনে ইউক্রেনের মাইকোলাইভ, খারকিভ ও জাপোরিঝঝিয়া অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। এর এক দিন আগে রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। পাল্টা হিসেবে শুক্রবার রাশিয়ার একটি তেল শোধনাগার ও সামরিক বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা