মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ নিখোঁজের ৪ দিন পর জুলেখা (৫৩) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি রোববার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শিরিরচালা মধ্যপাড়া একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়।
নিহত জুলেখা ওই গ্রামের মোজাফফর আলীর স্ত্রী।
নিহত জুলেখার ছেলে জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার দিন থেকে আমার মা নিখোঁজ ছিলেন। তিনি গত পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এর আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, রোববার ওই জঙ্গলে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো বিষয় তা খতিয়ে দেখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
