সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাখাডুবী গ্রামের পাখাডুবী উত্তরপাড়া ব্রিজ থেকে শেখবাড়ী মোড় পর্যন্ত রাস্তায় প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ইটের সলিংয়ের কাজ চলমান রয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। পথচারীদের হাঁটাচলা করতে চরম দুর্ভোগ পোহাতে হতো। যানবাহন চলাচল তো দূরের কথা, ভ্যানগাড়ি নিয়েও চলাচল করা কঠিন হয়ে পড়ত। বিশেষ করে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে এলাকাবাসীকে। রাস্তাটিতে ইটের সলিংয়ের কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার আশায় খুশি স্থানীয়রা।
এলাকাবাসীর মধ্যে সোনা মিয়া, ইসরাফিল ও আব্দুল হক বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন ইটের সলিংয়ের কাজ হওয়ায় আমাদের চলাচলের সমস্যা অনেকটাই কমে যাবে। এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
৬নং ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনিছুর রহমান আনিছ বলেন, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সহযোগিতায় এ ধরনের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। তিনি সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ আফসানা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈকত জামিল শুভর স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার কারণেই এসব উন্নয়নকাজ বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হচ্ছে।
এ ছাড়া ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.হারুন অর-রশিদ খান, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লি, সাংগঠনিক সম্পাদকসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ খান উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছেন বলেও জানান তিনি।
স্থানীয়রা আশা করছেন, রাস্তাটির ইটের সলিংয়ের কাজ সম্পন্ন হলে বর্ষাকালে তাদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমে যাবে এবং এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
