লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মনতলা-চৌমুহনী সড়কের তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। আটক মোহাম্মদ দিলশাদ মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মন্দিহাতা গ্রামের ইসহাক আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেমুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দিলশাদ মিয়াকে আটক করে তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সততা স্বীকার করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
