লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেরিন সুলতানা।
সভায় উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত মদের পাট্টা স্থানান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নবীগঞ্জ শহরের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আয়োজনের উদ্যোগ, কুর্শি ইউনিয়নের বাংলা বাজারে চুরির উপদ্রব রোধে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এছাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী প্রক্রিয়ায় কমিটি গঠন, উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং গ্রাম্য দাঙ্গা নিরসনে পুলিশের সতর্ক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় শহরের নতুন বাজার এলাকাসহ বিভিন্ন অলিগলিতে কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, নবীগঞ্জ থানার ওসি মো. আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ, উদ্যোক্তা ও সমাজকর্মী সিমি কিবরিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাছিত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন।
নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াসিনীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা পরিষদে কর্মরত সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় উপস্থিত ছিলেন।
