বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ প্রবাস ভেনিসে জেমসের কনসার্টে উপচে পড়া ভিড়

ভেনিসে জেমসের কনসার্টে উপচে পড়া ভিড়

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি : ইতালির ভেনিসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় রকস্টার ও ‘নগর বাউল’খ্যাত জেমসের বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট।

২৩ আগস্টের এই আয়োজনে প্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করতে ইতালির বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ভেনিসে জড়ো হন।

কনসার্টস্থলে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

মঞ্চে জেমস উঠতেই দর্শকদের মধ্যে দেখা দেয় ব্যাপক উচ্ছ্বাস। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। জেমসের কণ্ঠে প্রিয় গান শুনে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং গানের সঙ্গে নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠেন।
কনসার্টকে ঘিরে সকাল থেকেই ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

অনেকেই দূর-দূরান্ত থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। দীর্ঘদিন পর প্রিয় শিল্পীকে সরাসরি মঞ্চে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন দর্শকরা।

আয়োজনে শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, ইতালীয় দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশি সংস্কৃতি ও সংগীতের প্রতি ইতালীয়দের আগ্রহও এ আয়োজনের মাধ্যমে ফুটে ওঠে।

কনসার্টজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। জেমসের পরিবেশনা, দর্শকদের উচ্ছ্বাস এবং বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। প্রবাসের মাটিতে এমন একটি আয়োজন বাংলাদেশি সংস্কৃতি ও সংগীতকে আরও পরিচিত করে তুলেছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা