মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বহিষ্কৃতদের মধ্যে পৌর, কলেজ ও ইউনিয়ন পর্যায়ের নেতারা রয়েছেন।
বহিষ্কৃতরা হলেন কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ ও সদস্য সুজন আরিয়ান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান এবং চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ বাতিল করা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে
