বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ জাতীয় নেপালে উদ্ধারকাজে কাঠমান্ডুকে সহায়তার প্রস্তুতি ঢাকার

নেপালে উদ্ধারকাজে কাঠমান্ডুকে সহায়তার প্রস্তুতি ঢাকার

স্টাফ রিপোর্টার : নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। প্রতিবেশী দেশটিতে উদ্ভূত এই দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযানে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে ঢাকা।

বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

নেপাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতিম নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

সহযোগিতার বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কাঠমান্ডুকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ঢাকা। বিশেষ করে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করা হবে।’

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত পুনরুদ্ধার ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে ফেরার বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা