মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ মুগ্ধতার আরেক নাম চারান বিল। বছরের এই সময়ের জন্য অপেক্ষায় থাকে হাজারো মানুষ এবং প্রকৃতি। বর্ষা এলেই অন্য এক রূপে ধরা দেয় চারান বিল। থই থই জলরাশি, হালকা বাতাসে দুলতে থাকা ঢেউ, সারি সারি নৌকা আর মানুষের কোলাহলে জমে ওঠে বিলপাড়।
বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যাওয়ায় তৈরি হয় মনোরম জলাভূমির দৃশ্য। পানির ওপর দিয়ে ছোট ছোট নৌকা ছুটে চলার দৃশ্য যেমন দৃষ্টিনন্দন, তেমনি চারপাশের সবুজ প্রকৃতি ও নির্মল পরিবেশ দর্শনার্থীদের আকৃষ্ট করছে। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে নৌকায় ঘুরে সময় কাটাচ্ছেন অনেকে। কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ স্মৃতি ধরে রাখতে ব্যস্ত ছবি ও ভিডিও ধারণে।
এই বিশাল জলাভূমির স্বচ্ছ পানি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু পর্যটক এখানে এসে নৌকাভ্রমণে মুগ্ধ হচ্ছেন । বিলের সুস্বাদু মাছ এবং চারপাশের মনোরম পরিবেশ দর্শনার্থীদের দারুণভাবে আকর্ষণ করছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের এই চারান বিল ।
চারান বিল এখন ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে বিনোদনপ্রেমীদের কাছে। সরকারি উদ্যোগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এই বিল হয়ে উঠতে পারে টাঙ্গাইলের অন্যতম পর্যটন কেন্দ্র।
সম্ভাবনাময় এই পর্যটন স্পটে যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন আগতরা।
বর্তমানে ১শ’ থেকে ২শ’ টাকা ভাড়ায় নৌকা নিয়ে চারান বিল ঘুরে দেখার সুযোগ রয়েছে। ছুটির দিন ছাড়াও প্রতিদিনই এখানে মানুষের আনাগোনা বাড়ছে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
চারান বিলকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। যাতায়াতের রাস্তা উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, বসার স্থান, পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি করা হলে এখানে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।
ইজারাদার আব্দুল আলিম জানান, মাছ চাষের উদ্দেশ্যে বিলটি ইজারা নিলেও পরে দর্শনার্থীদের আগ্রহ বাড়তে থাকায় নৌকা ভ্রমণের ব্যবস্থা করেন তিনি।
কালিহাতী থানার তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। বর্তমানে এখানে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
